img

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত :  ০৮:২৪, ০৭ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৩৩, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে বলে স্বীকার করেছেন।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব এ কথা বলেন তিনি।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, কিন্তু গত কয়েক দিনের ঘটনায় আমি বলব যে একটুখানি খারাপের দিকে গেছে। তবে আমরা চেষ্টা করব যাতে এটি আগের অবস্থায় ফিরে আসে।

রাজবাড়ীতে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে। ইতোমধ্যে পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।

তদন্তের স্বচ্ছতা প্রসঙ্গে করা এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের পরই কেবল দোষী নির্ধারণ করা যাবে। আগে থেকেই কাউকে সরিয়ে দিলে তা তদন্তের গুরুত্ব হারাবে। সঠিক তদন্তের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যদি কেউ নির্দোষ হয় তাহলে তো তার অ্যাগেইনস্ট কোনো অ্যাকশন নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কীভাবে বলব যে সেই দোষী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির পরও কেন সহিংসতা ঠেকানো যায়নি, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা ব্যর্থ হচ্ছি না। যারা এসব ঘটনা ঘটিয়েছে তাদের আমরা শিগগিরই আইনের আওতায় আনবো। সবাইকে ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করছি।

নির্বাচনে জনগণের অংশগ্রহণে এসব ঘটনা বাধা সৃষ্টি করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। তারা ভোটকেন্দ্রে যেতে সক্ষম হবে।

পুলিশে বদলি ও পোস্টিংয়ের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকব, পোস্টিং লটারির মাধ‍্যমেই হবে।

এ সময় গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, সরকারের ব্যর্থতা জোরেশোরে তুলে ধরা হয়, কিন্তু সফলতা তুলে ধরা হয় না।


জাতীয় এর আরও খবর

img

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

প্রকাশিত :  ১২:৪৭, ১২ এপ্রিল ২০২৬

ডা. শফিকুর রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন । তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে।

তিনি বলেন, “গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে যতদিন সংগ্রাম সম্ভব ততদিন থাকবেন, তবে মূল লড়াই হবে রাজপথে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আসন্ন আন্দোলনে ১১ দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “এবার আমরা আংশিক নয়, পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে রাজপথে নামবো। প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকি নেবেন।”