img

১৩ নভেম্বর গণপরিবহন চলবে কি না, জানাল মালিক সমিতি

প্রকাশিত :  ১৩:২৮, ১২ নভেম্বর ২০২৫

১৩ নভেম্বর গণপরিবহন চলবে কি না, জানাল মালিক সমিতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর লকডাউনের দিনও দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

তিনি বলেন, আগামীকালও অন্য দিনের মতো সড়কে গণপরিবহন চলবে। তবে কোথাও কোনো বাসে অগ্নিসংযোগের ঘটনা যাতে না ঘটে, সে জন্য পরিবহন মালিক ও টার্মিনাল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ১০ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক পরিবহন শ্রমিকের মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনায় বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা রাতভর ও আগামীকাল বাস টার্মিনাল পাহারা দেবেন বলেও জানান তিনি।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। সাধারণ দিনের তুলনায় আজ রাজধানীতে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনও কম দেখা গেছে।

এমন পরিস্থিতিতে লকডাউনের দিনে গণপরিবহন চলবে কি না এবং বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে কি না— এ নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


img

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

প্রকাশিত :  ১৩:৫২, ০৫ ডিসেম্বর ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৩১০ বাংলাদেশিকে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে। অনেকে লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে—লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সকলের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পথ খরচ, কিছু খাদ্যসমগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।