img

যে শর্তে বিএনপিতে ফিরতে চান রুমিন ফারহানা

প্রকাশিত :  ১০:৪৯, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

যে শর্তে বিএনপিতে ফিরতে চান রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। নির্বাচনের পরদিন তিনি হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সেখানে বিএনপিতে ফিরে যাওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একাধিক শর্তের কথা জানান।

\r\n

রুমিন ফারহানা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদে দলটির সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচন করায় গত ৩০ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে সরাইল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের ১০ নেতাকেও বহিষ্কার করা হয়।

\r\n

সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, তাকে দলে ফেরাতে হলে তার সঙ্গে যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, তাদেরও পুনর্বহাল করতে হবে।

\r\n

নির্বাচনী প্রতীক হিসেবে হাঁস বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শৈশবে তাদের বাসায় হাঁস, মোরগ ও কবুতর ছিল। তার মায়ের চাকরির সুবাদে বড় বাসায় থাকার সময় এসব পালন করা সম্ভব হয়েছিল। পরে ছোট অ্যাপার্টমেন্টে চলে যাওয়ায় সেই সুযোগ আর ছিল না। তবে ব্রাহ্মণবাড়িয়ায় তার হাঁস-মুরগি রয়েছে এবং অবসর সময়ে তিনি তাদের সঙ্গেই সময় কাটান। সেই ব্যক্তিগত স্মৃতি ও অভ্যাস থেকেই হাঁসকে প্রতীক হিসেবে বেছে নেন।

\r\n

নিজের রাজনৈতিক পথচলা প্রসঙ্গে তিনি বলেন, তার যাত্রা কঠিন ছিল, তবে তার চেয়েও কঠিন সময় পার করেছেন তার নেতাকর্মীরা। তিনি উল্লেখ করেন, জয়ী না হলে হয়তো তাকে ঢাকায় ফিরে পেশায় যোগ দিতে হতো। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে তার কর্মীরা নানা কষ্ট সহ্য করে কাজ করেছেন। তাদের এই ভালোবাসার ঋণ তিনি কীভাবে শোধ করবেন—সে প্রশ্নও তোলেন।

\r\n

তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা এবং ফলাফল আটকে রাখার অপচেষ্টা হয়েছে। জালিয়াপাড়া কেন্দ্রে গিয়ে তিনি নিজেই ‘খেজুর গাছ’ প্রতীকের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে কেন্দ্রে প্রবেশ করে ভোট গণনা তদারকি করেছেন বলেও দাবি করেন। সেখানে কিছু ভুয়া ভোট শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

\r\n

প্রসঙ্গত, বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ৩৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন রুমিন ফারহানা। হাঁস প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘খেজুর গাছ’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

জাতীয় এর আরও খবর

img

রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৩:১৫, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকারর ৪টি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন । সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।

তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

৪টি আন্তঃনগর বাস টার্মিনাল হচ্ছে—ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগাদা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, এআই ক্যামেরা স্থাপনসহ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় ট্রাফিক সিগন্যালিংয়ে এআই ক্যামেরা স্থাপনের সুফল প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জাতীয় এর আরও খবর