img

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

প্রকাশিত :  ১১:১২, ০১ মে ২০২৬

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

আজ শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

​ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

​নির্বাচনী প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতিমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখন পর্যন্ত বড় কোনো প্রকাশ্য প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশনের জন্যই দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।

​সাদিক কায়েম বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরেই ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। দলীয় হাই কমান্ড মনে করছে, সাদিক কায়েমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পুরোদমে প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।


জাতীয় এর আরও খবর

img

হৃদযন্ত্রে ব্লক, ব্রিটেনে রাষ্ট্রপতির জরুরি এনজিওপ্লাস্টি

প্রকাশিত :  ২০:০৩, ১২ মে ২০২৬

ব্রিটেনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রের একটি ধমনীতে গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। এরপর জরুরিভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে প্রেস উইং জানায়, মঙ্গলবার দুপুরে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষায় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং স্টেন্ট বসানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। রাষ্ট্রপতি দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) ওপেন হার্ট সার্জারি করান। এরপর থেকে হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতার ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিত ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে আসছেন। বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য সুপরিচিত এই হাসপাতাল বিশ্বে প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।

রাষ্ট্রপতি গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।