img

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

প্রকাশিত :  ১১:২০, ৩১ মে ২০২৬

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ৭৭ দিনে হাম ও উপসর্গে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩১ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৮৫ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ জন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৫৩ শিশু। একই সময়ে ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ শিশু আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৩৬।


জাতীয় এর আরও খবর

img

বিরোধী দল থেকে নামের তালিকা পেলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব : আইনমন্ত্রী

প্রকাশিত :  ১০:৪৭, ৩১ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৪৪, ৩১ মে ২০২৬

বিরোধী দল নামের তালিকা দিলেই সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হাঁটবেন- এমনটাই জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনের শেষ সেশনের আগে আমরা বিরোধী দলকে বলেছিলাম- ১৭ সদস্য বিশিষ্ট একটা সংবিধান সংশোধন কমিটি করতে চাই। সেখানে আমাদের পক্ষ থেকে সাতজন রেখেছি। পাঁচজন স্বতন্ত্র প্রতিনিধি যারা রয়েছেন, তাদের মধ্য থেকে রেখেছি। আর পাঁচজন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। তারা বলেছে, সামনের সেশনে জানাবে। আমরা অপেক্ষায় আছি, তাদেরটা পেলেই সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হাঁটব।

আজ রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাতিল হওয়া অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সামনে উপস্থাপিত হবে কিনা- এমন  প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাতিল না, এটা হলো আমরা উপস্থাপন করিনি। আগে আমরা বলেছি, আরও যাচাই বাছাই করছি। এরইমধ্যে দুটি আইন নিয়ে আমরা ফাস্ট কনসাল্টেশন করেছি। একটি হল মানবাধিকার কমিশন আইন এবং আরেকটি গুম কমিশন আইন। আমাদের অনেক সুপারিশ এসেছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। দ্রুত সময়ের মধ্যে সম্ভব হলে আমরা সেগুলোকে সামনের কাতারে নিয়ে আসব। 

রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, সরকারের হাতে যতটুকু সময় ও ক্ষমতা রয়েছে, তা প্রয়োগ করেছে। বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ, এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দিতে পেরেছি। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব।

তিনি বলেন, সোমবার আদালত খুলবে, প্রথম দিনেই এই মামলার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রাখা হয়েছে। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি।

আইনমন্ত্রী বলেন, বাকিটা আদালত যেটা ন্যায়বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে যে যেরকম সাক্ষ্য-প্রমাণ রয়েছে এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে, সে বিবেচনায় আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবেন বলে মনে করি।

জাতীয় এর আরও খবর