img

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৪:৪৬, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৭, ১৯ নভেম্বর ২০২৬

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে।

গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উদ্ভাবনী শক্তি যাতে সহায়তার অভাবে হারিয়ে না যায় সেজন্য সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে এভিয়েশন হাব তৈরির লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

জাতীয় এর আরও খবর

img

রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

প্রকাশিত :  ১০:৪৫, ১৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার শুনানিতে আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি ২০১৭ সালের অভিযানের আগের ঘটনাপ্রবাহ ও রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেন।

 বিচারপতি ইউজি বলেন, আদালতের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে, অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়। নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছিল। তবে আদালত স্বীকার করেছেন, ওই অভিযানের আগে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল।

বিভিন্ন গ্রামে আগুন দিয়েছিল।

আদালত আরো পর্যবেক্ষণ করেছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে এলেও দীর্ঘদিন ধরে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। বিচারপতি ইউজি বলেন, বৈষম্যমূলক আইন ও বিভিন্ন বিধিনিষেধের কারণে ধীরে ধীরে তাদের অধিকার সংকুচিত হয়েছে। এতে তারা সমাজে প্রান্তিক ও অত্যন্ত অরক্ষিত অবস্থায় পড়ে।

পাশাপাশি, সামরিক বাহিনীর মদতপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা বাড়িয়ে তুলেছে।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।