হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হামের প্রকোপ সারা দেশে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও সন্দেহজনক হামে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন দুজন এবং সন্দেহজনক হামে আটজন।
গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯০ শিশু এবং সন্দেহজনক হামে ৪৮৫ শিশু।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত একদিনে সারাদেশে আরও ৬৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিত হামরোগী ৫৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৪৩ জন।
১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৫১১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।



















