img

হবিগঞ্জে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডাল পড়ে বৃদ্ধ নিহত

প্রকাশিত :  ১২:৫৭, ০৫ এপ্রিল ২০২৬

 হবিগঞ্জে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডাল পড়ে বৃদ্ধ নিহত

হবিগঞ্জ শহরে খোয়াই ব্রিজে ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামে এক বৃদ্ধার নিহত হয়। তিনি বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ওই নারী তার ভাইয়ের সঙ্গে ডাক্তার দেখানোর জন্য হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত উমদা মিয়া ব্রিজের উপর থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অন্যদিকে, লাখাই উপজেলায় বাড়ির পাশে গাছের ডাল পড়ে ফয়জল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভরপূর্ণী গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে অবস্থানকালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


জাতীয় এর আরও খবর

img

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ১৫

প্রকাশিত :  ০৬:৩০, ২৫ মে ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণের পর চলছে সাঁড়াশি অভিযান। রাতে জঙ্গল সলিমপুরের আলী নগরে যাওয়ার যে সড়ক রয়েছে সেটি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। রাতে আলী নগরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি নবনির্মিত ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল রোববার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে।

সকাল থেকে যৌথবাহিনীর হাজার খানেক সদস্য অভিযান পরিচালনা করছেন। অভিযানে সন্দেহভাজন অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান ও চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ জঙ্গল সলিমপুরে অবস্থিত তাদের ক্যাম্পে আক্রমণ করে সন্ত্রাসীরা। বিপরীতে তারাও পাল্টা গুলি চালায়। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পুরো জঙ্গল সলিমপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।

রাতে আলীনগরে নির্মাণাধীন র‍্যাবের একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে আলীনগরে প্রবেশ করতে না পারে সেজন্য সড়ক কেটে দেওয়া হয়।

চট্টগ্রাম র‍্যাবের কমান্ডার হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাতে সন্ত্রাসীদের একটি পক্ষ আমাদের ক্যাম্পে আক্রমণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা অভিযান শুরু করছি। সেখানে কোনো সন্ত্রাসী পক্ষকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে। যারা হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।



জাতীয় এর আরও খবর