img

শ্রীমঙ্গলে পুরান বাজার থেকে অক্ষত অবস্থায় ঘরগিন্নি সাপ উদ্ধার

প্রকাশিত :  ১৭:১৮, ০৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:২০, ০৮ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে পুরান বাজার থেকে অক্ষত অবস্থায় ঘরগিন্নি সাপ উদ্ধার

সংগ্রাম দত্ত: চা-বাগান বেষ্টিত ও পর্যটন নগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল উপজেলায় একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার পুরান বাজার এলাকায় অবস্থিত মাস্টার সুজিত সেনের বাসায় একটি সাপ দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল, সদস্য সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

তারা বাসার গেইটের ভেতরে সাপটির অবস্থান শনাক্ত করেন এবং সতর্কতার সঙ্গে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

এর আগে, ৬ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটের ভেন্টিলেটরে লুকিয়ে থাকা একটি কাল নাগিনী সাপ উদ্ধার করে একই সংগঠন বন বিভাগের কাছে হস্তান্তর করে।

স্থানীয়ভাবে জানা যায়, শ্রীমঙ্গলের পার্শ্ববর্তী পাহাড় ও বনাঞ্চল থেকে বন্যপ্রাণীরা খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে। ঘনবসতি বৃদ্ধি ও বনাঞ্চল সংকোচনের কারণে এ ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে বাড়ছে, ফলে কিছু ক্ষেত্রে বন্যপ্রাণী নিধন বা ধরা পড়ার ঘটনাও ঘটছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানায়, তারা বিগত দেড় দশকে এক হাজারেরও বেশি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের নিকট হস্তান্তর করেছে।


img

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২২ কি‌লো‌মিটার এলাকায় যানজট

প্রকাশিত :  ০৬:৩৩, ২৬ মে ২০২৬

ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২২ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। 

গতকাল সোমবার (২৫ মে) রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে মহাসড়কের রাবনা পর্যন্ত যানবাহনের থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যানবাহনের এরকম চিত্র দেখা গেছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি হচ্ছে।

রাত থেকেই মহাসড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্ব পাড় পর্যন্ত যানবাহনের থেমে থেমে যানজট  শুরু হয়। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে নিজ গন্তব্যে যাচ্ছে যাত্রীরা।  

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে  যানজট নিরসনে মহাসড়কে বিভিন্ন স্থানে একহাজার পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় স্বস্তিদায়ক করতে সেতুর উপর রাখা হয়েছে পুলিশের বিশেষ নজরদারি। তাছাড়া চুরি ছিনতাই ও ডাকাতি রোধে মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহলদারি করছে।

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে তিন কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি  ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা।অপরদিকে পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকাগামী ২১ হাজার ৬০ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা জটলা তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

জাতীয় এর আরও খবর