img

হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর

প্রকাশিত :  ১২:৩৬, ২৬ মে ২০২৬

হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার জন্যও হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত।

সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আগে যে নিরাপত্তাহীনতা ছিল, এবার তা নেই। সড়কের অরাজকতা মোকাবিলায় সরকার তৎপর থাকায় এবার ঈদযাত্রায় তেমন যানজটও নেই।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় অনেক ভালো আছে। বর্তমান সরকার প্রথম ১০০ দিনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের যে তৎপরতা দেখিয়েছে, আগামীতেও জনগণকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

img

জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় কাজ করছে বিজিবির ২৩টি টিম

প্রকাশিত :  ১৫:০৪, ২৬ মে ২০২৬

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি টিম কাজ করছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ০৪টি টিম, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় ০৬টি টিম, মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া এবং মদনপুর মোড়/কাঁচপুর এলাকায় ০৪টি টিম, গাজীপুর চৌরাস্তা এলাকায় ০১টি টিম, যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে ০২টি টিম, চট্টগ্রাম শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় ০১টি টিম, খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় ০১টি টিম, কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় ০১টি টিম, লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে ০২টি টিম এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকায় ০১টি টিম মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা গত ২১ মে থেকে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে, যা ঈদের পরবর্তী ০৩ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।


জাতীয় এর আরও খবর