ময়মনসিংহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণকে পুলিশে সোপর্দ
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পোশাকশ্রমিক এক যুবকের বিরুদ্ধে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে আটক করে পুলিশের দিয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক তরুণের নাম মো. সুজন মিয়া (২৫)। তিনি তারাকান্দা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, শিশুটিকে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ডেকে বের করেন সুজন মিয়া। নিজের মুঠোফোনের জন্য একটি মিনিট কার্ড কিনতে বাড়ির অদূরে একটি দোকানে পাঠান। এ সময় শিশুটির পিছু নেন তিনি। মিনিট কার্ড কিনে ফেরার পথে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালানোর চেষ্টা করেন সুজন। এ সময় গ্রামের লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল বলেন, শিশুটিকে মুঠোফোনের মিনিট কার্ড কিনে এনে দেওয়ার কৌশলে বাড়ি থেকে বের করে ধর্ষণের চেষ্টা করা হয়। এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।



















