img

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, উড্ডয়ন হতে পারে রাত সাড়ে ১০টায়

প্রকাশিত :  ১৪:১০, ২৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, উড্ডয়ন হতে পারে রাত সাড়ে ১০টায়

জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটের নির্ধারিত যাত্রা বিলম্বিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা করতে রাত সাড়ে ১০টার বাজতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়লে উড্ডয়ন স্থগিত করা হয়। এতে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে পড়েছে।

এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের অপেক্ষা করতে হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে গন্তব্যে যাত্রার কথা ছিল।

বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটি-সংক্রান্ত সংকেত দেখা যায়। তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।

সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর চেষ্টা করছে।

প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য অবস্থায় আনতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতের কাজ শেষ হওয়া এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার ওপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নির্ভর করছে।

উল্লেখ্য, উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই স্পয়লারে ত্রুটি দেখা দিলে উড়োজাহাজের নিরাপদ পরিচালনার জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।

জাতীয় এর আরও খবর

img

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু

প্রকাশিত :  ১০:৪৪, ৩০ অক্টোবর ২০২৬

পাবনার একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, কয়েকজন কিশোর সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেল পাঁচটার দিকে বৃষ্টি শুরু হলে তারা একটি পলিথিনের তৈরি ঘরে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

চেয়ারম্যান আরও বলেন, বজ্রপাতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা কিশোর ও তরুণ। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


জাতীয় এর আরও খবর