img

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

প্রকাশিত :  ১৯:০২, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বেসরকারিভাবে মির্জা ফয়সলকে বিজয়ী ঘোষণা করেন।

আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। এ ছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও-১ আসনে এমপি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে ইসি। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন ৫ জন প্রার্থী।


জাতীয় এর আরও খবর

img

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, জানালেন পিবিআই প্রধান

প্রকাশিত :  ০৬:৫৫, ৩০ অক্টোবর ২০২৬

তুরাগ নদের যে স্থান থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে মাজার বস্তি এলাকা থেকে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। পিবিআই জানিয়েছে, মোটরসাইকেল পাওয়া গেছে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায়। যেখানে তাহসিফের লাশ যেখানে পাওয়া তার থেকে যায় ৩-৩.৫ কিমি দূরে।

পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ এক বার্তায় জানান, নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই চলছে।

এর আগে শুক্রবার সকালে পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, ‘আমরা তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাহসিফফের মৃত্যুর ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

দীপকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার তথ্য দিয়ে ওই পুলিশ সুপার বলেন, দীপ বলেছে, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এসময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি’।

দীপের এ কথাসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’

তদন্তের স্বার্থে সেসব এখনই প্রকাশ করতে চাননি তিনি।

উদ্ধার হওয়া মোটরসাইকেলের বিষয়ে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘মোটরসাইকেলটি কার তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছি।’


জাতীয় এর আরও খবর