img

ঢাকাসহ তিন জেলার শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত :  ০৫:০৫, ১০ নভেম্বর ২০২৬

ঢাকাসহ তিন জেলার শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জাতীয় এর আরও খবর

img

ভোররাতে একটি-দুটি গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ১৩:১৭, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৬, ১০ নভেম্বর ২০২৬

রাতের অন্ধকারে কিংবা ভোররাতে কোথাও একটি-দুটি গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দু-একটি প্রতীকী ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলা হয়, এটা যৌক্তিক না।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

৩০০ বিধিতে পরে বক্তব্য দেবেন জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে কিংবা বিজনেস ফ্যাকাল্টির গাড়ির ছাদের ওপর একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না। অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোররাতে পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়ি চালক এবং হেলপার থাকে না ওরকম একটি-দুটি গাড়িতে রাতের অন্ধকারে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।

তিনি আরও বলেন, এই দু-একটি প্রতীকী ঘটনা একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ- এমন বলা আমার মনে হয় যৌক্তিক নয়।

তবে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছেন, এসব প্রশ্ন সরকারকে করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে কারা কারা এর সঙ্গে জড়িত, কারা ইন্ধন দিচ্ছে- এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি যদি সংশ্লিষ্ট ফোন নম্বর এবং কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা আমাদের জানান, তাহলে আমরা তদন্ত করে দেখবো।

দেশবাসীকে আশ্বস্ত করে এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের অভ্যন্তরে হোক বা দেশের বাইরে কিংবা সম্মিলিতভাবে- কোনো ষড়যন্ত্র-নীলনকশা এখানে বাস্তবায়িত হবে না। এখানে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ।

জাতীয় এর আরও খবর