img

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত :  ০৫:২৪, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৮, ০৮ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এদিকে, শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে বিজিবি সদর দপ্তর। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা বিজিবি সদস্যরা। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

img

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০

প্রকাশিত :  ১৪:২০, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২৩, ০৮ নভেম্বর ২০২৬

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন’-এ চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। এ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ উপায়ে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়। রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লটারির সময় মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে মোট ৪,০২৯ জন প্রার্থী আবেদন জানান। লটারির মাধ্যমে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনসহ মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত এই ৩০০ প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে গ্রহণ করা হবে। সেখান থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে। খুব শীঘ্রই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে।

এছাড়া বোয়েসেল ইতিমধ্যে পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে মালয়েশিয়ায় আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে। এসব কর্মীর মেডিকেল পরীক্ষা ও বিমানভাড়াসহ যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগকর্তা বহন করবেন, ফলে তারাও সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।

জাতীয় এর আরও খবর