img

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

প্রকাশিত :  ০৯:০৩, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৩২, ০৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

আন্দোলনে ইন্ধনের অভিযোগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  বুধবার (০৪ নভেম্বর) রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। 

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া কোনো মামলার সূত্রে তাকে নেওয়া হয়েছে কি-না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। একই সময়ে ডিবিসি নিউজের ক্রাইম চিফ ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব ঘোষকে ডিবি সদস্যরা অফিস থেকে সঙ্গে নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক জানিয়েছেন, ইকবাল সোবহান চৌধুরীকে অফিস থেকে বের হওয়ার সময় ডিবি সদস্যরা নিয়ে যান। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাননি তারা।

মুক্তাদির অনিক বলেছেন, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে আটকের বিষয়টি এবং এর কারণ সম্পর্কে তারা পরে জানতে পারেন। জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া কোনো মামলার সূত্রে তাকে নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, ডিবিসি নিউজের পক্ষ থেকেও ইকবাল সোবহান চৌধুরীকে কেন নিয়ে যাওয়া হয়েছে, তা জানার চেষ্টা চলছে। বাইরে থেকে তারা দেখেছেন, ডিবি সদস্যরা তাকে নিয়ে যাচ্ছেন। সে বিবেচনায় ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিতভাবে বলা গেলেও এর পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নেই।

ডিবিসি নিউজে ইকবাল সোবহান চৌধুরীর বর্তমান কোনো পদ নেই উল্লেখ করে মুক্তাদির অনিক জানান, তিনি অতীতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন।

এদিকে ডিবিসি নিউজের আরেক সহকর্মী, ক্রাইম চিফ ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব ঘোষের প্রসঙ্গেও কথা বলেন মুক্তাদির অনিক। তিনি জানান, রাজীব ঘোষকে অফিস থেকে ডিবি সদস্যরা সঙ্গে যেতে বলেন। তবে তাকে আটক বা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে- এমনটি বলা যাচ্ছে না।

মুক্তাদির অনিকের ভাষ্য, রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে ক্রাইম বিটে কাজ করছেন এবং পুলিশের বিভিন্ন পর্যায়ে তার পরিচিতি ও যোগাযোগ রয়েছে। সেই সূত্রে ডিবি সদস্যরা তার সঙ্গে কিছু কথা বলতে চান বলে জানিয়েছেন। তাকে আটক করে নিয়ে যাওয়ার বিষয়টি নয়, বরং কথা বলার জন্য সঙ্গে যেতে বলা হয়েছে- এমনটাই তারা বুঝতে পেরেছেন।

জাতীয় এর আরও খবর

img

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

প্রকাশিত :  ০৭:০১, ১৬ নভেম্বর ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১০ জনকে হাজির করা হয়। তবে ১২টা ১ মিনিটে আনা হয় মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।

ট্রাইব্যুনালে আনা অপর আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এ সময় ইনু, লতিফ সিদ্দিকীসহ প্রায় সব আসামির মুখেই গাম্ভীর্য দেখা যায়। ব্যতিক্রম ছিলেন শামসুল হক টুকু। তার মুখে ছিল স্বাভাবিক হাসি।

গত ১২ নভেম্বর মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।

জাতীয় এর আরও খবর