img

এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

প্রকাশিত :  ০৫:৫০, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

অর্থাৎ, এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।

সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্টের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হয়।

সব বোর্ডে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।

জাতীয় এর আরও খবর

img

মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ

প্রকাশিত :  ১১:৪৭, ৩১ অক্টোবর ২০২৬

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

এতে মিরপুরের কয়েকটি সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, আজ সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। আশপাশের কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি বলেন, দুপুর আড়াইটার দিকে মিরপুর ১০ গোলচত্বর থেকে গার্মেন্টস শ্রমিকরা চলে যান।

এতে প্রায় চার ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৩টার দিকেও মিরপুর সাড়ে ১১ ও কালসি রোডে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ অব্যাহত রেখেছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

জাতীয় এর আরও খবর