img

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ

প্রকাশিত :  ০৪:৪২, ০৩ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে বক্তব্য দেন হুমায়ুন কবির।

বক্তব্যে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নতুন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ প্রবাহ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন প্রয়োজন।

১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দেশটি সফর করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয় এর আরও খবর

img

একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার, কে কোথায় দায়িত্বে

প্রকাশিত :  ১৪:৪৭, ০৩ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এসপি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞপনে এসপি মর্যাদার ৪ জনকে নীলফামারি, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারির এসপি ফরহাদ হোসেন খানকে সিআইডিতে পাঠানো হয়েছে, আর মুন্সীগঞ্জের এসপি মিনহাজুল আলমকে পাঠানো হয়েছে নীলফামারির এসপি করে।

এসআরবির উপপরিচালক এবং নেত্রকোণার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত বদরুদ্দোজার আগের আদেশ বাতিল করে তাকে মুন্সীগঞ্জের এসপি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার এবং বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরের এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর দিকে এসআরবির কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারদের তালিকা:

নীলফামারী জেলা: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা-কে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা: এর আগে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজার আগের আদেশ বাতিলপূর্বক মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জামালপুর জেলা: বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা-কে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা: পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিআইডি ও অন্যান্য পদায়ন: নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং জামালপুরের পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও গত ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনে নেত্রকোনার বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে মো. তরিকুল ইসলামের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

জাতীয় এর আরও খবর