img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

প্রকাশিত :  ১৫:৫১, ০৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:১৯, ০৭ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের

কুমিল্লায় ডিসেম্বরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ।

মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ১৪টি কৌশলগত ও নির্জন পয়েন্টে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পাঁয়তারা চলছে। তবে গোয়েন্দা সূত্রে আগাম খবর পেয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো প্রযুক্তির সহায়তায় জেলাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, দেশে যেকোনো আন্দোলন-সংগ্রাম কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রধান কৌশল থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া। মহাসড়কের ১০৩ কিলোমিটার অংশ দেশের বাণিজ্যিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। ফলে সরকারের ওপর চাপ তৈরি করতে বা জনমনে আতঙ্ক ছড়াতে এই সড়কটিকেই মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়। 

অতীতের রেকর্ড বিশ্লেষণ করেও দেখা গেছে, যেকোনো বড় রাজনৈতিক অচলাবস্থায় এই মহাসড়কে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রবণতা বেশি।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধন ও অর্থায়নে ছাত্রলীগ-যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের ক্যাডাররা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। 

মহাসড়কের যে ১৪টি পয়েন্টকে নাশকতার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো হলো—দাউদকান্দি উপজেলার শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনা উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচং উপজেলার নিমসার ও কাবিলা; আদর্শ সদর উপজেলার সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রাম উপজেলার আলকরা।

বিশেষ করে রাতের আঁধারে এসব পয়েন্টের নির্জন স্থানগুলোকে কাজে লাগিয়ে দূরপাল্লার যানবাহনে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অপচেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সম্প্রতি অভিযানে গ্রেফতার হওয়া ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে মহাসড়কে নাশকতার পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ আভাস পেয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার ছক কষছে—এমন গোয়েন্দা তথ্য রয়েছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন নজরদারির মাধ্যমে আমরা তাদের অবস্থান চিহ্নিত করছি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 

নাশকতার পরিকল্পনার শেষ বিন্দু পর্যন্ত এই চিরুনি অভিযান চলবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। 

চিহ্নিত ১৪টি পয়েন্টসহ মহাসড়কের ১০৩ কিলোমিটার এলাকায় দিন-রাত বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। কোনো অবস্থায়ই মহাসড়কে কোনো অশুভ শক্তিকে যানবাহন ভাঙচুর বা অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না। জনগণের জানমালের সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

img

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০

প্রকাশিত :  ১৪:২০, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২৩, ০৮ নভেম্বর ২০২৬

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন’-এ চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। এ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ উপায়ে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়। রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লটারির সময় মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে মোট ৪,০২৯ জন প্রার্থী আবেদন জানান। লটারির মাধ্যমে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনসহ মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত এই ৩০০ প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে গ্রহণ করা হবে। সেখান থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে। খুব শীঘ্রই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে।

এছাড়া বোয়েসেল ইতিমধ্যে পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে মালয়েশিয়ায় আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে। এসব কর্মীর মেডিকেল পরীক্ষা ও বিমানভাড়াসহ যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগকর্তা বহন করবেন, ফলে তারাও সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।

জাতীয় এর আরও খবর