img

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ১৪:৫২, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৫৬, ০৪ নভেম্বর ২০২৬

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে এবং এতে পার্শ্ববর্তী একটি দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, চলমান এই আন্দোলন প্রকৃতপক্ষে শ্রমিকদের আন্দোলন নয়; এর পেছনে অন্য পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ সময় শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে মজুরি বোর্ড কাজ শুরু করেছে।’ নির্ধারিত সময়ের আগেই বোর্ড এ বিষয়ে সুপারিশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমবান্ধব, শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিষয়গুলো বিবেচনা করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকারের মূল লক্ষ্য হলো দেশের রপ্তানি বাড়ানো, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি গার্মেন্টস মালিকদের সঙ্গে সরকারের দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শ্রমিকনেতাদের সঙ্গেও বিশদ আলোচনা করা হয়েছে। উভয় পক্ষই একমত হয়ে স্বীকার করেছে যে, এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়; বরং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।


 

জাতীয় এর আরও খবর

img

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

প্রকাশিত :  ০৭:০১, ১৬ নভেম্বর ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১০ জনকে হাজির করা হয়। তবে ১২টা ১ মিনিটে আনা হয় মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।

ট্রাইব্যুনালে আনা অপর আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এ সময় ইনু, লতিফ সিদ্দিকীসহ প্রায় সব আসামির মুখেই গাম্ভীর্য দেখা যায়। ব্যতিক্রম ছিলেন শামসুল হক টুকু। তার মুখে ছিল স্বাভাবিক হাসি।

গত ১২ নভেম্বর মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।

জাতীয় এর আরও খবর