img

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

প্রকাশিত :  ১২:২১, ০৫ নভেম্বর ২০২৬

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদত্যাগ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ অপরাধমূলক কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, তিনি এখন শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নন-তিনি সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী। এ বিষয়ে আমরা সংসদে কথা বলেছি, সংসদের বাইরেও কথা বলেছি এবং পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এই আমলে কী পরিমাণ জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং খুন, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় বারবার বলে এসেছে যে, নির্বাচনি সরকার এলেই আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক হবে; কিন্তু আমরা দেখলাম আইনশৃঙ্খলা পরিবেশ আরও খারাপ হয়েছে। আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক হওয়ার বড় একটা অন্তরায় বিএনপি নিজেই। তাদের দলীয় কোন্দল, অন্তঃকোন্দল, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের কারণে প্রশাসন একপ্রকার নিরুপায় বিএনপির কাছে। বিএনপি কুক্ষিগত করে ফেলেছে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে না, এতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

দেশে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর গুলি চালানো হয়েছে, সারা দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের আক্রমণের শিকার হতে হয়েছে এবং প্রায় ৩০ জনের মতো মানুষকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনামূলক পোস্ট দেওয়ার জন্য। বেশিরভাগই সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, যে গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, তারা পুরোনো কায়দায় এবং ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদীর কায়দায় দেশ পরিচালনা করছে।

চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনের শুরু থেকেই এনসিপি শ্রমিকদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা বলেছি-শ্রমিকদের আন্দোলনটি ন্যায্য। কারণ ১২ হাজার ৫০০ টাকায় এই মুহূর্তে কারও পক্ষে জীবনযাপন সম্ভব নয়। জাতীয় পে-স্কেল বৃদ্ধি করার পর সবার জীবনে এর প্রভাব পড়েছে। কারণ গ্যাসের দাম, জ্বালানির দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে শ্রমিকদের এই দাবিটা যৌক্তিক ছিল; কিন্তু শ্রমিকদের এই যৌক্তিক দাবিটি সরকার কর্ণপাত করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে কোনোভাবে শ্রমিক আন্দোলন হিসেবে বলতে চান না। এটাকে দুর্বৃত্তের নাশকতা ও অশান্তির কথা বলছে। আমরাও এটা বলছি যে ফ্যাসিস্টরা এই আন্দোলনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সহিংসতার চেষ্টা করছে-তারা বাংলাদেশের শত্রু। কিন্তু তাদের এই সুযোগটা তো সরকারই করে দিয়েছে। সরকার যদি শুরুতেই শ্রমিকদের সঙ্গে বসে আন্তরিকতার সঙ্গে তাদের দাবিটা মেনে নিত-তাহলে এখন এই পর্যায়ে যেত না, একজন শ্রমিকেরও লাশ আমাদের দেখতে হতো না।

তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে যে দমন-পীড়ন নীতি সরকার নিয়েছে, এই পদ্ধতিতে শ্রমিক আন্দোলন ঠেকানো যাবে না। তিনি অনতিবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে শ্রমিকদের আস্থায় নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন করার এবং পোশাক শিল্পকে টিকিয়ে রাখার আহ্বান জানান।

নাহিদ বলেন, গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে সরকার আন্তর্জাতিক জ্বালানি সংকট দেখিয়ে বরাবরের মতো অজুহাত দেখাচ্ছে। তিনি ‘এই সরকারকে অজুহাতের সরকার’ হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এমপি, ব্যারিস্টার সানি আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসাইন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ লিয়ন প্রমুখ।

জাতীয় এর আরও খবর

img

আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম-দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি

প্রকাশিত :  ১৪:৩১, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৪, ০৫ নভেম্বর ২০২৬

বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরে কোনো অনিয়ম-দুর্নীতি হয়ে থাকলে, সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এসব ঘটনায় গৃহীত পদক্ষেপের বিবরণ আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করার সুপারিশ করে কমিটি। প্রকৃত উপকারভোগীদের মধ্যে রেশন কার্ড বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ এবং এসব পদ পূরণে গৃহীত পদক্ষেপের বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশও করেছে কমিটি।

এ ছাড়া সাজেক ইস্যুতে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের বিষয়ে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তা আগামী বৈঠকে জানাতে বলা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর কথা বলা হয়েছে।

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেটের বিভাজন ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বৈঠক ও পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা অংশ নেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর