img

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

প্রকাশিত :  ০৭:০১, ১৬ নভেম্বর ২০২৬

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১০ জনকে হাজির করা হয়। তবে ১২টা ১ মিনিটে আনা হয় মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।

ট্রাইব্যুনালে আনা অপর আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এ সময় ইনু, লতিফ সিদ্দিকীসহ প্রায় সব আসামির মুখেই গাম্ভীর্য দেখা যায়। ব্যতিক্রম ছিলেন শামসুল হক টুকু। তার মুখে ছিল স্বাভাবিক হাসি।

গত ১২ নভেম্বর মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

প্রকাশিত :  ১২:০৩, ১৬ নভেম্বর ২০২৬

আসন্ন বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সর্বস্তরের জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন ও পুষ্পস্তবক অর্পণকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তাব্যবস্থা আধুনিক ও নিশ্ছিদ্র করতে স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থেকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশির পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজয় দিবসে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক এবং স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর