কট্টর পন্থা থেকে সরে আসছে জামায়াত
প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কট্টর পন্থা থেকে সরে আসছে । সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে দলটি। ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার দলটির গঠনতন্ত্রে আমূল পরিবর্তন আসছে। গঠন করা হচ্ছে, একটি নতুন উপদেষ্টা পরিষদ। এতে যুক্ত হবেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞরা। এই পরিষদের সদস্যদের জামায়াতের রুকন (সদস্য) হওয়ার বাধ্যবাধকতাও থাকছে না। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ইতোমধ্যে এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
দলীয় সূত্র বলছে, জামায়াতের নীতিনির্ধারকরা মনে করছেন, দলকে একটি গণমুখী রাজনৈতিক দল হিসাবে গড়ে তুলতে এবং রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে শুধু দলীয় লোক দিয়ে হবে না। এজন্য কট্টর পন্থা থেকে বেরিয়ে আসতে হবে। রুকন বা শপথধারী ব্যক্তিরাই এখন পর্যন্ত জামায়াতের নীতিনির্ধারণ বা পলিসি নির্ধারণ করে থাকেন।
দলটির নীতিনির্ধারণের জন্য রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরা। এসব ফোরামে রুকন ছাড়া বাইরের কারও অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। এই প্রথম রুকন হওয়ার শর্ত এড়িয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের পথে এগোচ্ছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি রয়েছে। এই কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে এবং দলের নির্বাহী পরিষদ তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের বলেন, এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূত্রমতে, সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা এই পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন। জামায়াতের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশা ও সাধারণ মানুষের জনসমর্থন বাড়ছে। বিরোধী দল হিসাবে দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে চায় জামায়াত। সেই সঙ্গে ভবিষ্যতে ক্ষমতায় যেতে হলেও এই কট্টরপন্থি নীতি নিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। তাই গ্রহণযোগ্যতা বাড়াতে সঠিক পরামর্শের প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি।
জামায়াত সূত্র আরও বলছে, বিভিন্ন পেশাজীবী সেক্টরে দলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিক অঙ্গন। এসব দুর্বল সেক্টরে জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছে দলটি। সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে। আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। ৫শ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধিকে নিয়ে হতে যাওয়া এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় একটি বিশাল টিম কাজ করছে। সেখানে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা রয়েছেন এবং তারা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়া এবং জামায়াত ক্ষমতায় গেলে এসব সমস্যা কীভাবে মোকাবিলা করবে, তার টেকসই সমাধানও খোঁজা হচ্ছে। জামায়াতকে একটি গণমুখী দলে পরিণত করতেই এসব নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্রমতে, জামায়াতের গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া হলো প্রথমে উপকমিটির সুপারিশ নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদন। এরপর তা রুকন সম্মেলনে পাশ করা। সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে প্রায় সোয়া এক লাখ রুকনের সম্মেলন করা সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলন করে গঠনতন্ত্র সংশোধন করা হতে পারে।



















