img

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

প্রকাশিত :  ১৫:০৬, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৫৬, ১১ নভেম্বর ২০২৬

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকেই পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের প্রস্তুতি ও ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আজ বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। 

সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সূচি অনুযায়ী পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় পড়বে, সে বিষয়ে ১৬ নভেম্বরের বৈঠকে আলোচনা শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানা যাবে।

জাতীয় এর আরও খবর

img

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত :  ১৮:০২, ১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

একটি কূটনৈতিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। 

সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন টানাপোড়েনের মধ্যে দুই কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। 

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।

জাতীয় এর আরও খবর