img

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ, পুড়ল ৫টি ঘর

প্রকাশিত :  ০৪:৩৭, ১২ নভেম্বর ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ, পুড়ল ৫টি ঘর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পেট্রল বোমা নিক্ষেপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একতলা টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগল পুড়ে মারা গেছে।

ঘটনার পর বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ পোস্টে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ করেছেন। দলটির পক্ষ থেকে এ ঘটনার জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করা হয়েছে।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় বাড়িতে সংসদ সদস্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও দলীয় নেতাকর্মীরা ঢাকা থেকে রওনা দিয়ে আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় পৌঁছেছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। রাত পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে। তবে এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির নারী সংগঠন জাতীয় নারীশক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য।

জাতীয় এর আরও খবর

img

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত :  ১৮:০২, ১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

একটি কূটনৈতিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। 

সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন টানাপোড়েনের মধ্যে দুই কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। 

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।

জাতীয় এর আরও খবর