img

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

প্রকাশিত :  ১৬:১১, ১১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এদিন প্রধানমন্ত্রী সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকাল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।

উল্লেখ্য, এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

জাতীয় এর আরও খবর

img

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত :  ১৮:০২, ১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

একটি কূটনৈতিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। 

সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন টানাপোড়েনের মধ্যে দুই কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। 

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।

জাতীয় এর আরও খবর