img

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

প্রকাশিত :  ০৪:৪২, ১২ নভেম্বর ২০২৬

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। এর পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাজুস। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগের দিন বুধবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটি বৈঠক করে মূল্য হ্রাসের এ সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। স্বর্ণের দাম কমানো হলেও রুপার মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

জাতীয় এর আরও খবর

img

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত :  ১৮:০২, ১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

একটি কূটনৈতিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। 

সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন টানাপোড়েনের মধ্যে দুই কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। 

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।

জাতীয় এর আরও খবর