মাধবপুরে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ির সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)। দুর্ঘটনায় তিনজনই ঘটনাস্থলে মারা যান।
নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। মজনু মিয়া ডাক বিভাগের মেইল ক্যারিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিস্তারিত ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



















