img

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি অ্যাডভোকেট কামাল আটক

প্রকাশিত :  ০৫:৫২, ১৪ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি অ্যাডভোকেট কামাল আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় বাসিন্দারা তাকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কর্ণফুলীর সিডিএ টেক এলাকার ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তার অবস্থানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বাসাটি ঘেরাও করেন। একপর্যায়ে তাকে আটক করে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ জানান, স্থানীয় লোকজন ওই আইনজীবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পেশায় আইনজীবী এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ছিলেন। অতীতে তিনি চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও যুক্ত ছিলেন তিনি।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

জাতীয় এর আরও খবর

img

আফ্রিকান কোনো দেশও হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’

প্রকাশিত :  ০৬:০০, ১৪ নভেম্বর ২০২৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখন আছেন ভারতের আশ্রয়ে। তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর কথা ভাবছিল ভারত। তবে তাকে নিতে তৃতীয় কোনো দেশই রাজি হচ্ছে না, এমনকি আফ্রিকান কোনো দেশও সম্মতি দিচ্ছে না। সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতার-এমনকি আফ্রিকার কোনো দেশও গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠছে, এটি এখন আর গোপন কোনো বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে- গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন কেন আশ্রয় দিয়ে রেখেছে?’

বিবিসির একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি লিখেছেন, ‘বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। এ নিয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। অর্থাৎ, হাসিনার সামনে একের পর এক পথ বন্ধ হয়ে আসছে। সর্বশেষ চেষ্টা হিসেবে এখন সেই তৃণমূলের নেতাকর্মীদের রক্তের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে চায় গণহত্যাকারী পলাতক শেখ পরিবার!’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, নিজে পালিয়ে গিয়ে হাসিনা মৃত্যুর মুখে ফেলে গেছেন লাখো নেতাকর্মীকে। তার ভাষ্য, ‘ক্ষমতা ছেড়ে পালানোর সময় এই নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে রেখে নিজের পরিবারের সদস্যদের আগেভাগে দেশের বাইরে পাঠিয়ে নিজেও পালিয়েছে। আর দেশত্যাগের পর হাসিনাপুত্রের বক্তব্য ছিল, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই’ এমনই দায়িত্বহীন অবস্থান।’

পলাতক অবস্থান থেকেই একের পর এক কার্যক্রমের ঘোষণা দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এতে করে আবারও দেশে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে দলটি, এমনই অভিমত নাজমুলের। 

দেশে থাকা আওয়ামী নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি লিখেছেন, ‘যে পরিবার ক্ষমতায় থাকতে নেতাকর্মীদের ব্যবহার করেছে, বিপদের সময় তাদের ফেলে পালিয়েছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগকে যারা এখনো ধর্মের মতো মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, একবার চিন্তা করুন। নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন।’

জাতীয় এর আরও খবর