img

মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার

প্রকাশিত :  ১৬:৪০, ১৬ নভেম্বর ২০২৬

মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ার পর নতুন বৈঠকের তারিখ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার অথবা শনিবার নতুন বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বোর্ডের কার্যক্রমে মালিক ও শ্রমিকপক্ষের একজন করে উপদেষ্টা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজুর নাম প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বৈঠকের তারিখ নির্ধারণের পাশাপাশি দুই পক্ষের প্রতিনিধিকে উপদেষ্টা হিসেবে যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মজুরি বোর্ডই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান কালের কণ্ঠকে বলেন, ‘শ্রমিকপক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মজুরি বোর্ড।

এদিকে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। শ্রমিক নেতা নাজমা আক্তার ও তৌহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়া জরুরি ছিল। প্রয়োজনে মালিকপক্ষের মজুরি প্রস্তাব পাওয়ার পর বৈঠক মুলতবি করা যেত।’ তাদের মতে, বোর্ডের কোরাম পূর্ণ থাকলে বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

শ্রমিক নেতারা বলছেন, শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ নিয়ে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বোর্ডের বৈঠক পিছিয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা বাড়তে পারে। দ্রুত বৈঠক করে মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া প্রয়োজন।

এর আগে মালিকপক্ষ এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে অংশ নেওয়ার জন্য তাদের পূর্ণ প্রস্তুতি ছিল। প্রস্তুতি থাকা সত্ত্বেও বৈঠক স্থগিত হওয়ায় তারা দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানিয়েছে। মালিকপক্ষের বক্তব্য, মজুরি নির্ধারণের আলোচনা বিলম্বিত না করে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য বোর্ডের পরবর্তী বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

পোশাকশিল্পে চলমান মজুরি অসন্তোষের মধ্যে নতুন করে মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পোশাক শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের পক্ষ থেকে তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। তবে মজুরি বোর্ডে বিভিন্ন পক্ষের প্রস্তাব ও আলোচনার ভিত্তিতেই নতুন মজুরি কাঠামো নির্ধারিত হবে।

মজুরি বোর্ডের কাজের ওপর নির্ভর করছে শ্রমিকদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সূচিও। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্য সামনে রেখে আলোচনা এগিয়ে নেওয়ার কথা রয়েছে। ফলে বোর্ডের পরবর্তী বৈঠককে ঘিরে মালিক ও শ্রমিক—উভয় পক্ষেরই প্রত্যাশা রয়েছে।

জাতীয় এর আরও খবর

img

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

প্রকাশিত :  ০৪:৩০, ১৭ নভেম্বর ২০২৬

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকন গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। সেসময় আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়া এসব হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এ সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। 

জাতীয় এর আরও খবর