img

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

প্রকাশিত :  ০৪:৩০, ১৭ নভেম্বর ২০২৬

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকন গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। সেসময় আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়া এসব হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এ সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। 

img

মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশিত :  ০৫:৫০, ১৭ নভেম্বর ২০২৬

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভে করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এতে মিরপুর, ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।

মিরপুরে মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে প্রায় এক ১ হাজারের বেশি শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড় অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় সেখানে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ আজকের জন্য।

 একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকা অবরোধ করে রেখেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।

অন্যদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন-শৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

এদিকে, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জাতীয় এর আরও খবর