img

পশ্চিম লন্ডনের কুইন্স পার্কে জমজমাট ক্যারাম বোর্ড টুর্নামেন্ট

প্রকাশিত :  ০৪:১০, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৪:৫২, ১৮ নভেম্বর ২০২৬

২২টি দলের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন, প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশ

পশ্চিম লন্ডনের কুইন্স পার্কে জমজমাট ক্যারাম বোর্ড টুর্নামেন্ট

ওয়েস্ট লন্ডনের কুইন্স পার্কে জমে উঠেছিল ক্যারাম বোর্ড টুর্নামেন্ট। খেলাধুলার আনন্দ, প্রতিদ্বন্দ্বিতা, পারস্পরিক সম্প্রীতি আর বাঙালির আন্তরিকতায় পুরো আয়োজনটি পরিণত হয়েছিল এক আনন্দঘন মিলনমেলায়। মনে হচ্ছিল, সুদূর প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশ।

গত ১৫ নভেম্বর, রবিবার, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট ২২টি দল। বেলা ২টায় শুরু হওয়া এ টুর্নামেন্ট নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। একের পর এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খেলোয়াড়দের দক্ষতা, মনোযোগ ও জয়ের প্রত্যাশায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

তবে এই আয়োজন শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সারাদিন খেলোয়াড় ও অতিথিদের জন্য ছিল চা-কফি, বেলপুরি, বিভিন্ন ধরনের ফলমূল ও নাশতার ব্যবস্থা। পাশাপাশি রাতে ছিল সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন। খেলাধুলার পাশাপাশি আড্ডা, আনন্দ ও আপ্যায়নে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

দুই শতাধিক দর্শকের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। বিশেষভাবে লক্ষণীয় ছিল খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা। জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে সবাই উপভোগ করেন এই আনন্দঘন মিলনমেলা।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ওয়েস্টমিনস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাইফুর রহমান ও মানিক মিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেন কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সফা মিয়া ও সদরুল মিয়া। তৃতীয় স্থান অর্জন করেন মুক্তি অনলাইন চ্যানেলের আলিম আহমেদ ও শাকির আহমেদ।

ফাইনাল খেলা শেষে রাত ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে লন্ডনের বিভিন্ন এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি বুলবুল আহমদ সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় সভাপতি বুলবুল আহমদ উপস্থিত অতিথি, খেলোয়াড়, দর্শক, সংগঠনের সদস্য এবং আয়োজন সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলায় হার-জিত থাকবেই। কে হারল, কে জিতল, সেটাই বড় কথা নয়। সবচেয়ে বড় বিষয় হলো, কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা একটি সুন্দর ও নির্ঝঞ্ঝাট খেলা সম্পন্ন করতে পেরেছি। তাই আমি মনে করি, আমরা সবাই জিতেছি। সবাই মিলে দিনটি আনন্দের সঙ্গে উপভোগ করতে পেরেছি।”

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিকতা অব্যাহত থাকলে কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও এ ধরনের আনন্দঘন ও সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখবে।

প্রবাসে কর্মব্যস্ত জীবনের মাঝে এমন একটি আয়োজন শুধু বিনোদনের উপলক্ষই নয়, বরং নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি তুলে ধরারও একটি সুন্দর উদ্যোগ। দিনব্যাপী এই ক্যারাম টুর্নামেন্টের মধ্য দিয়ে কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

কমিউনিটি এর আরও খবর

img

ওল্ডহামে নেবজার অভিষেক ও দশ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত :  ১১:৪১, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:০৮, ১৮ নভেম্বর ২০২৬

ম্যানচেস্টার প্রতিনিধি: নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

সোমবার ওল্ডহামের স্থানীয় ইস্টার্ন প্যাভিলিয়ন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মুকিত চৌধুরী সেতু। সাধারণ সম্পাদক রুপচাঁদ দাশ রুপকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেমসাইডের সিভিক মেয়র কাউন্সিলর হেলেন বোডেন (Civic Mayor of Tameside, Cllr Helen Bowden)। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার এম বি ই।

জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা এবং সংগঠনের প্রকাশনা ‘PRESSLINE — The Voice of Journalism’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মতো তিনজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা সদস্যপদ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—নিউক্যাসল থেকে আগত গীতিকার ও সাংবাদিক সৈয়দ দুলাল, হাইডের কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল সমুজ এবং ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম পাভেল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি সম্পাদক মাহফুজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ শুভ, ট্যজারার ফোরকানোর রহমান চৌধুরী সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সোহেল আহমেদ ও লুতফুর রহমান চৌধুরী, সহসভাপতি ফখরুল হোসেন, মো. কলন্দর তালুকদার ও গাওছুল ইমাম চৌধুরী সুজন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাদেক আহেমদ এবং কার্যকরী কমিটির সদস্য তাবেদার রসুল বকুল, রুহুল আমিন চৌধুরী মামুন,সৈয়দ দুলাল ও কাউন্সিলর হাসান খান প্রমুখ ।

অনুষ্ঠানে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরের কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০১৬ সালে যাত্রা শুরু করা NEBTJA-এর এক দশকের পথচলা প্রবাসে বাংলা সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও সহযোগিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অধ্যায়। অভিষেক অনুষ্ঠানে নতুন নেতৃত্ব আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিপুলসংখ্যক অতিথি ও শুভানুধ্যায়ীর অংশগ্রহণে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

কমিউনিটি এর আরও খবর