গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত
জাতীয় চার নেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা, তাঁদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জেল হত্যা দিবসের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লংসাইড বাংলাদেশ হাউসে গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম পাভেল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ কাইয়ুম চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় চার নেতার স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সোরাবুর রহমান, ব্যারিস্টার ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু, ওল্ডহাম আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমেদ, রুহুল আমিন চৌধুরী মামুন, জায়েদ ইকবাল মজুমদার, সিটি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নান, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাওসুল ইমাম চৌধুরী সুজন, হাইড যুবলীগের সভাপতি ইকবাল সমুজ, ম্যানচেস্টার যুবলীগের সাবেক সভাপতি শামসু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কাওসার এবং ম্যানচেস্টার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক ওয়েসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোকসভায় বক্তারা বলেন, জাতীয় চার নেতা শুধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেই নয়, মহান মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের আদর্শ, দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা ও আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।



















