img

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়

প্রকাশিত :  ০৫:০৪, ০৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকরা। জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান জয় পেয়েছেন। অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ।   

আনন্দে ভাসছেন মধ‍্যবর্তী নির্বাচনে বিজয়ীরা। ফলাফলের পর শুভেচ্ছা বিনিময় করছেন তাদের সমর্থকদের সঙ্গে। এ তালিকায় রয়েছেন বাংলাদেশি আমেরিকানরাও।

সবশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে আবারও নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই আসনের প্রতিনিধিত্ব করছেন।

কানেকটিকাটেও পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। স্টেট সিনেটের ৪ নম্বর আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে হারিয়েছেন তিনি। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান প্রথম স্টেট সিনেটর নির্বাচিত হন ২০২২ সালে।

নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ৩০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পদে জয় পেয়েছেন রিপাবলিকান আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল খান দীর্ঘদিন ধরে নিউ হ্যাম্পশায়ারের রাজনীতির সঙ্গে যুক্ত। এবারের জয় অঙ্গরাজ্যের আইনসভায় তার রাজনৈতিক যাত্রাকে আরও দীর্ঘ করল।

মধ্যবর্তী নির্বাচনে এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের সাফল্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ধারাবাহিকতা।

কমিউনিটি এর আরও খবর

img

ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত :  ০৫:০৭, ১৫ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজন ও শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি। গত ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, রাত ৮টায়,নিউইয়র্কের ব্রঙ্কসে ২০৯৯ স্টার্লিং অ্যাভিনিউতে অবস্থিত এশিয়ান ড্রাইভিংয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন হৃদয় বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদদিন আহমেদ সোহাগসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুল হাসান সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও এক বছরের পথচলা সম্পর্কে উপস্থিত দর্শক-শ্রোতাদের অবহিত করেন।

মূলত কণ্ঠশিল্পীদের এক মিলনমেলায় পরিণত হয় বর্ষপূর্তির এই আয়োজন। নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে আগত কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, মিঠুল হক, রূপালী ঘোষ, ক্রিস্টিলা কুইয়া , চাইম ব্যান্ড এর প্রতিষ্ঠাতা সদস্য আল- আমিন , এহেতেশাম মুকুট, হামজা,জোসেফিন মিষ্টি,বিনিটা জয়া,আসাদ সোহেল, রুপালি ঘোষ, সঞ্চিতা ঠাকুরসহ আরও অনেক শিল্পী।তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির থিম সং-এর রচয়িতা সৈয়দ আলী শুভ। এ সময় সিম্ফনির থিম সংটি উপস্থিত দর্শক-শ্রোতাদের শোনানো হয়। গানটি উপভোগ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার সৈয়দ ফয়েজ উপস্থিত সকল শিল্পী, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানান এবং সংগঠনের পথচলায় তাঁদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি ঘটে।

সংগীতশিল্পীদের একত্রিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রবাসে সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও অতিথিরা।


কমিউনিটি এর আরও খবর