ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গল্প নিয়ে টাওয়ার হ্যামলেটসে ‘ইতিহাস: আর্কাইভ ফেস্ট’
বিভিন্ন কমিউনিটির ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে তুলে ধরতে টাওয়ার হ্যামলেটসে আয়োজন করা হচ্ছে ‘ইতিহাস: আর্কাইভ ফেস্ট’। আগামী ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ উৎসব। এতে বাংলাদেশি, কৃষ্ণাঙ্গসহ বিভিন্ন গ্লোবাল মেজরিটি কমিউনিটির মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে।
টাওয়ার হ্যামলেটসের স্থানীয় ইতিহাস, বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে আসা ঐতিহ্য ও অভিজ্ঞতাকে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম আকর্ষণ। উৎসবে থাকছে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শন এবং বিভিন্ন কমিউনিটির ইতিহাস ও স্মৃতি সংরক্ষণবিষয়ক অনুষ্ঠান।
বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির মানুষের জন্য কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ ডিসেম্বর ‘সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে’ (‘এ্যক্রোস সেভেন সিজ’) এবং একই দিনে নারীদের জন্য বিশেষ আয়োজন ‘বোনদের মিলনমেলা’ (‘সিস্টার সার্কেল’)। এছাড়া ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘সুঁই-সুতোর বুননে গল্প’ (‘স্টোরিজ থ্রু স্টিচ’) শীর্ষক নকশিকাঁথা কর্মশালা।
নকশিকাঁথা বাংলার একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। সেলাইয়ের মাধ্যমে গল্প, স্মৃতি ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলার এই শিল্পকর্মের সঙ্গে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ‘স্টোরিজ থ্রু স্টিচ’ কর্মশালায় নকশিকাঁথার ঐতিহ্য ও সৃজনশীলতার মাধ্যমে গল্প বলার সুযোগ তৈরি হবে।
৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘নিজের শেকড়ের সন্ধানে’ (ডিগ হোয়ার ইউ স্ট্যান্ড)। এই আয়োজনটি বিশ্বের বিভিন্ন গ্লোবাল মেজরিটি কমিউনিটির সবার জন্য উন্মুক্ত। নিজেদের ইতিহাস, পারিবারিক স্মৃতি, সাংস্কৃতিক শিকড় এবং স্থানীয় ইতিহাস অনুসন্ধান ও তুলে ধরার বিষয়ে আগ্রহীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ।
এছাড়া কৃষ্ণাঙ্গ বিভিন্ন কমিউনিটির ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে থাকছে কয়েকটি বিশেষ অনুষ্ঠান।
২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘টাওয়ার হ্যামলেটসে কৃষ্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ’ (ব্ল্যাক আর্কাইভিং ইন্ টাওয়ার হ্যামলেটস্)। ৪ ও ৫ ডিসেম্বর থাকছে ‘এনজিঙ্গা ডান্স’ শীর্ষক নৃত্য পরিবেশনা। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘রিটার্ন টু রিচুয়াল’। অন্যদিকে, ৫ ডিসেম্বরের ‘ফিল্মিং আর্কাইভস!’ অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি এবং আর্কাইভ সংরক্ষণের নানা বিষয় তুলে ধরা হবে।
উৎসবের প্রতিটি আয়োজনের মাধ্যমে স্থানীয় মানুষের ইতিহাস, সাংস্কৃতিক পরিচয়, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কমিউনিটির সম্মিলিত স্মৃতিকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়েও আগ্রহ তৈরি হবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা প্রচারপত্র রয়েছে। আগ্রহীরা নির্দিষ্ট অনুষ্ঠানের বিস্তারিত তথ্য এবং অনলাইন বুকিংয়ের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবেন।
‘ইতিহাস: আর্কাইভ ফেস্ট’-এর সম্পূর্ণ অনুষ্ঠানসূচি, প্রতিটি আয়োজনের বিস্তারিত তথ্য এবং ইভেন্টব্রাইট (Eventbrite)-এর মাধ্যমে টিকিট বা বুকিংয়ের জন্য ভিজিট করুনঃ
https://www.ideastore.co.uk/
বাংলাদেশি কমিউনিটির সদস্যদের বিশেষ করে ‘এ্যক্রোস সেভেন সিজ’, ‘সিস্টার সার্কেল’এবং ‘স্টোরিজ থ্রু স্টিচ’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে।



















