img

বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরও বাড়বে: আনিসুল ইসলাম

প্রকাশিত :  ১৪:৩০, ১১ সেপ্টেম্বর ২০২৫

বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরও বাড়বে: আনিসুল ইসলাম

জাতীয় পার্টির অংশীদার ও চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, জাতীয় পার্টি নির্বাচন চায়, কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা তৎক্ষণাৎ করাটা ঝুঁকিপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, উপযুক্ত পরিবেশ ছাড়া নির্বাচন করলে দেশের সংকট আরও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের যৌথ সভায় সভাপতি বক্তব্যে তিনি এ কথা করেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক দুরবস্থা। লোডশেডিং,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য, মব সন্ত্রাস চলছে। এরমধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা, তা সরকারকে ভাবতে হবে।

তিনি বলেন, দেশে এখনো মামলা বাণিজ্য চলছে, এখনো নতুন করে বাণিজ্যের জন্য মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এই মিথ্যা মামলা থেকে রেহাই দেয়ার জন্য সরকার নতুন আইন করেছে। সরকার বলেছে, দ্রুত তদন্ত করে অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা থেকে রেহাই দেয়া হবে। কিন্তু এখনো সেই নতুন আইনের কার্যকারিতা দেখছি না। যারা নির্বাচন করবে তাদের নামে যদি মিথ্যা মামলা দেয়া হয়, তারা কিভাবে এলাকায় গিয়ে প্রচারণা চালাবে। সরকার এটা নিয়ে কথা বলছে না।

জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল নিজেদের পক্ষে থাকবে উল্লেখ করে ব্যারিস্টার আনিস বলেন, যথাযথ নিয়ম ও আইনি প্রক্রিয়া মেনে আমরা কাউন্সিল সম্পন্ন করেছি। ফলে জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল আমাদের কাছে থাকবে।

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে বিজয় হওয়ায় জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ব্যারিস্টার আনিস বলেন, এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বড় দলের অনেক কর্মী থাকতে পারে, কিন্তু জনসমর্থন না থাকলে নির্বাচনে কি ফল হয় সেটা ডাকসুতে আমরা প্রমাণ পেয়েছি।

সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও ডাকসুতে বিজয় হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, ডাকসুতে মানুষের ভালোবাসা বিজয় হয়েছে। সঠিক রণকৌশল, কঠোর পরিশ্রম, পরিবর্তন ও বিবর্তনের পক্ষে ছাত্ররা রায় দিয়েছে। আমরা এ রায়কে সম্মান করি। এই নির্বাচনে ছাত্র শিবির বিজয় হয়েছে, তাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

হাওলাদার বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল এবং গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অহংকার দম্ভ করলে কিভাবে পতন হয়, তার ফলাফল ডাকসু নির্বাচন এবং জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়ে গেছে।

রুহুল আমিন হাওলাদার বলেন, লাঙ্গল যে কোনো ব্যাক্তির কাছে নিরাপদ নয়। জি এম কাদের এরশাদের ভাই সূত্রে দলের চেয়ারম্যান ছিলেন ছিলেন। তিনি একদিনের জন্য কারাগারে যাননি। একটা বড় মিছিল, সমাবেশ করতে পারেনি। আমরা সকল নিয়ম কানুন মেনে সম্মেলন করেছি এবং সার্বিক বিচার বিবেচনায় জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল আমাদের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আমাদের পার্টির কাছে থাকবে।

সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান এডভোকেট কাজী ফিরোজ রশিদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ। 

জাতীয় এর আরও খবর

img

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

প্রকাশিত :  ০৬:৪৯, ৩১ মে ২০২৬

কর্মজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হতে চলায় রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ কম থাকায় সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ভোগান্তি তুলনামূলকভাবে কম দেখা গেছে।

আজ রোববার (৩১ মে) সকাল থেকেই গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কোথাও অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। পরিবহন চলাচলও ছিল স্বাভাবিক।

বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে করে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনালে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীপথে যাত্রা ছিল স্বস্তিদায়ক। লঞ্চগুলোতে যাত্রী ছিল, তবে অতিরিক্ত চাপ বা ভিড়ের কারণে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। নির্ধারিত সময়েই বেশিরভাগ লঞ্চ রাজধানীতে পৌঁছেছে এবং অতিরিক্ত যাত্রীচাপও ছিল না।

একইভাবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলোতেও যাত্রীর সংখ্যা ছিল স্বাভাবিক। যাত্রীরা সহজেই বাস থেকে নেমে গন্তব্যে যেতে পেরেছেন। যাত্রীচাপ কম থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে সবাই একসঙ্গে রাজধানীতে ফিরছেন না। অনেকেই ধাপে ধাপে ফিরছেন, ফলে যাত্রীচাপ কয়েক দিনে ভাগ হয়ে গেছে। এতে পরিবহন ব্যবস্থাপনা সহজ হয়েছে এবং ভোগান্তিও কমেছে।

অন্যদিকে, ঈদের সময় বাড়ি যেতে না পারা অনেক মানুষ এখন পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন। ফলে রাজধানীর বিভিন্ন পরিবহন কেন্দ্রে ঢাকামুখী ও গ্রামমুখী দুই ধরনের যাত্রীর উপস্থিতি দেখা যাচ্ছে। তবুও কোথাও বড় ধরনের চাপ বা বিশৃঙ্খলা তৈরি হয়নি।

যাত্রীরা বলছেন, ফাঁকা সড়ক, স্বাভাবিক যান চলাচল এবং পর্যাপ্ত পরিবহন সুবিধার কারণে এবারের ঢাকা ফেরা আগের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক। তবে ছুটি শেষ হওয়ার আগমুহূর্তে বিকেল ও সন্ধ্যার দিকে রাজধানীমুখী যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি ভোগ করছেন। আগামীকাল থেকে অফিস-আদালত, ব্যাংক ও অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুলবে।

জাতীয় এর আরও খবর