চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত
ওয়াসার মাটি খননের সময় চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাত তিনটা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, বুধবার রাতে খনন কাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, ‘প্রকল্পের পিডির (প্রজেক্ট ডিরেক্টর) সঙ্গে কথা বলে জেনেছি, খনন কাজে মাটি চাপা পড়ে শ্রমিক আহত হয়েছে।’
প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম ইসলামকে একাধিকবার ফোন দিলেও তার নম্বরে সংযোগ পাওয়া যায়নি।



















