অসৌজন্যমূলক আচরণ: সেই বিচারপতিকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি
প্রকাশিত :
০৭:২৮, ২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে রাখা হয়নি। তাকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে।
গত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। তিনি সেখানে বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিচারপতির এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের যে কারণ জানাল ইসি
প্রকাশিত :
০৮:৪২, ২৩ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইয়ের পর এ সিদ্ধান্ত দেন এ নির্বাচনের রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
তিনি বলেন, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হল।
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং ইসির উপসচিব মনির হোসেন। তিনি বলেন, ‘আসনটি শূন্য হওয়ার পরে সব দল/জোটের জন্য উন্মুক্ত হবে।’
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে জামায়াত জোটের ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। বুধবার বাছাইয়ে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হয়। একজনের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সিদ্ধান্ত আসে।
এর আগে বুধবার আরপিওর বিধান তুলে ধরে রিটার্নিং অফিসার বাছাইয়ে বলেছিলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছে, তাতে সরকারি পে স্কেলের কথা উল্লেখ রয়েছে। এজন্য তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের পরও বাছাইয়ে বাদ পড়ার পর মনিরা শারমিন বলেন, আমি আইনজীবীর পরামর্শ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।
এ সময় তার আইনজীবী নাজমুস সাকিব বলেন, আগামী রোববার নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করব। প্রার্থিতা ফিরে পাব আশা করি। আমরা বুঝেশুনেই নির্বাচনে প্রার্থী হয়েছি।
২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান মনিরা শারমিন। তিনি ২০২৩ সালে নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল হিসেবে যোগ দেন, দুই বছর পর গেল ডিসেম্বর চাকরি ছাড়েন এনসিপি নেত্রী।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তপশিল দেন এএমএম নাসির উদ্দীন নেতৃত্বাধীন ইসি। ঘোষিত তফশিল অনুযায়ী, ২১ বুধবার ও বৃহস্পতিবার বাছাই করা হবে; ২৬ এপ্রিল আপিল করার সুযোগ রয়েছে নির্বাচন কমিশনে। ২৭ এপ্রিল ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি হবে। ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার ও ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ আর ভোট ১২ মে।