শ্রীমঙ্গলের সন্তান মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতিসন্তান জ্যেষ্ঠ কূটনীতিক রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। কূটনৈতিক সূত্রে এ তথ্য প্রায় নিশ্চিত হওয়া গেছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি লন্ডনে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
মুহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ ফরেন সার্ভিসের ১১তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা। ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর তিন দশকের বেশি সময় ধরে তিনি দেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতি—উভয় ক্ষেত্রেই তিনি অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন।
২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেন। ২০২৪ সালে তিনি জাতিসংঘের ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের যৌথ নির্বাহী বোর্ডের সভাপতি এবং জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি অস্ট্রিয়া ও ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। পাশাপাশি হাঙ্গেরি, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, এস্তোনিয়া ও আইসল্যান্ডে সমবর্তী রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসি, রোম, দোহা, কুয়েত ও নিউইয়র্কে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতের জন্ম শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী লামুয়া গ্রামে। তিনি শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রয়াত মো. আব্দুল গফুরের সন্তান। তাঁর বাবা দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত থেকে শ্রীমঙ্গলের শিক্ষা অঙ্গনে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী রুবি পারভীন। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে তাঁর নিয়োগের খবরে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আনন্দের আবহ তৈরি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা এ নিয়োগকে জেলার জন্য গর্বের বলে উল্লেখ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য বার্তা প্রকাশিত হয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা এবং বহুপাক্ষিক কূটনীতিতে দক্ষতার কারণে যুক্তরাজ্যে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও দুই দেশের সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।



















