img

‘শাহজালাল (র) এর মাজার ব্যবস্থাপনা কমিটি রাজনৈতিক পরিচয়ে হয়নি’

প্রকাশিত :  ১৮:০৯, ২৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:২৮, ২৭ জুন ২০২৬

‘শাহজালাল (র) এর মাজার ব্যবস্থাপনা কমিটি রাজনৈতিক পরিচয়ে হয়নি’
অলিকুল শিরমনি হযরত শাহজালাল (র) এর মাজার ব্যবস্থাপনা কমিটি রাজনৈতিক পরিচয়ে হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ২০২৬ সালে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে মন্ত্রী সাফ জানান, এই কমিটিতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বরং প্রতিটি সদস্যকে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ-সদস্য হিসাবে পদাধিকার বলে তিনি নিজে এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছেন উল্লেখ করে বলেন, এখানে রাজনীতির চেয়ে সেবার মনোভাব ও প্রশাসনিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

সম্প্রতি মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে শুক্রবার সিলেট সার্কিট হাউজে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত বৈঠক হয়। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রীকে প্রধান করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়, যা আগামী এক মাসের মধ্যে আর্থিক ব্যবস্থাপনার জন্য যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।

সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমিতির শীর্ষ নেতারা, জ্যেষ্ঠ আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন এবং সেখানে মন্ত্রী নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা ও সততা বজায় রাখার আহ্বান জানান। 
    

সিলেটের খবর এর আরও খবর

img

কারা আছেন হযরত শাহজালালের মাজারের আর্থিক স্বচ্ছতা কমিটিতে?

প্রকাশিত :  ১৭:০০, ২৬ জুন ২০২৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে কমিটি।

আজ শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দরগাহর উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) পিংকি সাহা।

সিলেটের খবর এর আরও খবর