img

দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত :  ১৫:২৩, ০৪ জুলাই ২০২৬

দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি বা দায়িত্বে অবহেলার ঘটনায় শুধু বদলি নয়, প্রয়োজন হলে সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বদলিকে সমাধান মনে করেন না; বরং সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও ঘুষের কোনো সুযোগ রাখা হবে না এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার (০৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটা ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে করে জনগণের উন্নয়ন করা যায়। বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজে না, আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, এ বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করা হচ্ছে। নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে হবে শিক্ষার্থীদের ক্লাস। আর নরসিংদী নার্সিং ইনস্টিটিউটের ক্লাস হবে ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের জন‍্য জায়গা দেখা হচ্ছে, খুব শিগগিরই জায়গা নির্ধারণ করে সেখানে নতুন ভবনের কাজ শুরু করা হবে। চায়নার সহযোগিতায় যে অত্যাধুনিক ১৮টি হাসপাতাল বাংলাদেশে হবে, এর একটি হবে নরসিংদীতে। তবে চেষ্টা করবো শহরের আশপাশে করতে।

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।

এছাড়াও অন্যান্য অমন্ত্রিত অতিথিরাসহ নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা এতে অংশ নেন।


জাতীয় এর আরও খবর

img

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৬:৫৬, ০৪ জুলাই ২০২৬

অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। 
তিনি বলেন, সভায় জানানো হয়, এসব কলকারখানায় বিনিয়োগে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা এখন যাচাই করা হবে।

হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশ  দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

জাতীয় এর আরও খবর