img

ছাদ থেকে রড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত :  ১৬:৪০, ২৯ জুলাই ২০২৬

ছাদ থেকে রড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

\r\n

নিহতরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুঁড়ি গ্রামের মৃত সুরজত আলীর ছেলে সিরাজ (২২)।

নিহত জিসান ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। সেখান থেকেই প্রতিদিন ত্রিশালে এসে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ডিম ব্যবসায়ী আতাউর রহমানের তিনতলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে ৫/৬ মাস আগেই। ওই ভবন ঘেঁষেই গেছে বিদ্যুতের লাইন। ঝুঁকি নিয়েই শ্রমিকদের দিয়ে নির্মাণকাজ শেষ করেন ভবন মালিক। তার দাবি, বিদ্যুতের তারে প্লাস্টিকের কভার লাগানোর জন্য একাধিকবার অফিসে যোগাযোগ করেছেন। কিন্তু এ ব্যাপারে উদ্যোগ নেয়নি বিদ্যুৎ বিভাগ।

গত কয়েকদিন ধরে ভবনের  বাকি কাজ করছিলেন জিসান ও সিরাজ। দুপুরের দিকে ভবনের তিনতলার ছাদ থেকে রড নিচে নামানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনে রড লেগে যায়। রডটি বিদ্যুৎতাড়িত হয়ে দুজনই ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যান। একজন পড়েন নিচে থাকা পিকআপ ভ্যানের ওপর আরেকজন পাকা সড়কে।

শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ভবন মালিক আতাউর রহমান বলেন, ছাদ থেকে পড়ে যাওয়ার খবর শুনেই আমি বাসার সামনে যাই। পড়ে সেখান থেকে হাসপাতালে যাই। তাদের মৃত্যুতে আমার কোনও দোষ নেই। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। দাফন-কাফন শেষ হলে তাদের নিয়ে বসবো। 

নিহত সিরাজের চাচা আজিজুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। তাই আমরা কোনও মামলা মোকদ্দমা করবো না। 

এ ব্যাপারে কথা বলতে ত্রিশাল বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর সরকারি নম্বরে একাধিকবার কল দিলেও নম্বরটি বন্ধ দেখায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বাংলাদেশ এর আরও খবর

img

সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

প্রকাশিত :  ০৯:৪৪, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি সংস্থাটির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন।

আজ বুধবার (২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়।

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনএসআইতে কর্মরত থাকাকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোশাররফ হোছাইন। পরবর্তীতে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি কর্মজীবনে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি); চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি); র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব); পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন পুলিশ রেঞ্জে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। পাশাপাশি ফরেনসিক ল্যাবরেটরি ও আধুনিক পুলিশিং বিষয়ে মালয়েশিয়া, পাকিস্তান এবং তুরস্কসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।


বাংলাদেশ এর আরও খবর