img

আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

প্রকাশিত :  ০৯:১৮, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৫০, ২৯ জুলাই ২০২৬

আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার রাত তিনটার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিডকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের চারটি ও কোতয়ালি থানা পুলিশের একটি টিম এ অভিযানে ছিল।সেখানে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশও ছিল। পরে ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।' 

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক বলেন, ‘আমরা অনেক দিন ধরে তার ব্যাপারে কাজ করছিলাম। গোপন তথ্যের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝুমঝুমপুর থেকে মঙ্গলবার রাতে যশোর পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য সহযোগীরাও আমাদের গোয়েন্দা জালে রয়েছে। অচিরেই তাদের ধরা হবে। ’

ডেবিট ইমন চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। এলাকায় তার ছিল সাধারণ জীবনযাপন। কিন্তু শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেওয়ার পর চট্টগ্রামে একের পর এক খুনে নাম জড়ায় তার। পিস্তল হাতে তার একাধিক ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সাজ্জাদের 'সেকেন্ড ইন কমান্ড'। 

গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর চকবাজার অ্যাকসেস রোডে ডিডিএন নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে র‌্যাব-পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে। ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ ডিডিএনের কার্যালয়ে ঢুকে পড়ে। দেশি অস্ত্রধারী ব্যক্তিরা অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ও বিভিন্ন আসবাব ভাঙচুর করে। এ সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখায়। 

হামলার দু'দিন আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন ডেভিড ইমন। ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। ডিডিএনের স্বত্বাধিকারীকে হুমকি দিয়ে বলা হয়, 'আমার নাম ডেভিড ইমন, আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করতে পারেন।' ওই হুমকির দুদিন পর নগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোডের মরিয়ম হাইটস ভবনে ডিডিএনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। 

হামলাকারীরা ডিডিএন অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র ও কাচের দরজাসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক আরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি এক ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সল আহম্মেদ বলেন, 'আমরা ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। আমাদের গোয়েন্দা ও প্রযুক্তিগত টিম কাজ করছে। ডেভিড ইমনসহ এই চক্রের অন্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।'

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিডিএন কার্যালয়ে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চকবাজার থানা পুলিশ ও র‍্যাব-৭ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইউনুস, ইমরান হোসেন চ্যাং, আকবর হোসেন, মো. সুমন, মো. মনির ওরফে কেহেরমান, মো. গিয়াস উদ্দিন, মো. নয়ন এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইমরান হোসেন চ্যাংয়ের বিরুদ্ধে ১২টি, নয়নের বিরুদ্ধে ৮টি, মনিরের বিরুদ্ধে ৭টি, আকবর ও সুমনের বিরুদ্ধে ৬টি করে এবং ইউনুসের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। খুন, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখা, মাদক, ছিনতাই, মানবপাচার, চোরাচালান, ডাকাতি ও চুরি অভিযোগে এসব মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ এর আরও খবর

img

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার করতে হবে: আইএলও

প্রকাশিত :  ০৬:১৩, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:১৯, ২০ নভেম্বর ২০২৬

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও শ্রমিকদের ক্রয়ক্ষমতা বিবেচনার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।চলমান শ্রমিক অসন্তোষ ও শিল্পে অস্থিরতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ধারাবাহিক আলোচনার ওপরও গুরুত্ব দিয়েছে আইএলও।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেছে সংস্থাটি। 

এতে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং চলমান অস্থিরতার ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইএলও। এই অস্থিরতার প্রভাব শ্রমিকদের জীবন-জীবিকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর পড়ছে।

সরকারের নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইএলও। সংস্থাটির মতে, মজুরি নির্ধারণ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ অপরিহার্য। শ্রমিকদের উপযুক্ত মজুরি, শোভন কর্মপরিবেশ, টেকসই শিল্পপ্রতিষ্ঠান এবং সুস্থ শিল্পসম্পর্ক বজায় রাখতে ধারাবাহিক ও গঠনমূলক সামাজিক সংলাপ প্রয়োজন।

আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন-১৩১ অনুযায়ী, ন্যূনতম মজুরি নির্ধারণ এবং নিয়মিত সমন্বয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

এ ক্ষেত্রে শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার ওপর প্রভাব যথাযথভাবে বিবেচনা করতে হবে।

পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতার মতো বিষয়ও গুরুত্ব দিতে হবে। এ ছাড়া দেশের সাধারণ মজুরির স্তর, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর তুলনামূলক জীবনমান বিবেচনায় নেওয়ার কথা বলেছে সংস্থাটি।

বিবৃতিতে পোশাক খাতের চলমান পরিস্থিতিতে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন কার্যক্রমে বিঘ্নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইএলও। এসব ঘটনার ফলে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে সংস্থাটি।

উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংলাপ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দেওয়ার কথা বলেছে আইএলও।

শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকারকে সুস্থ শিল্পসম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। সংকটের সময়েও এসব অধিকার সম্মান করার ওপর জোর দিয়েছে তারা।

পোশাক খাতে মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নে শুধু কারখানার মালিক ও শ্রমিকদের নয়, পুরো সরবরাহব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত দায়িত্ব রয়েছে বলেও মনে করে আইএলও। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বশীল ব্যবসায়িক ও ক্রয়চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দায়িত্বশীল ক্রয়নীতি শ্রমিকদের মজুরিসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণ, শোভন কর্মপরিবেশ নিশ্চিত এবং দীর্ঘ মেয়াদে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই উন্নয়নে সহায়তা করতে পারে।

এদিকে বাংলাদেশের মজুরি নীতিকে আরো শক্তিশালী করতে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, তথ্য-প্রমাণ তৈরি, সক্ষমতা উন্নয়ন ও সামাজিক সংলাপের মাধ্যমে একটি প্রমাণভিত্তিক এবং জেন্ডার-সংবেদনশীল জাতীয় মজুরি নীতি গ্রহণে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

আইএলওর মতে, এ ধরনের জাতীয় মজুরি নীতি বাস্তবায়িত হলে মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় পূর্বানুমানযোগ্যতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বাড়বে। একই সঙ্গে টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সৌহার্দ্যপূর্ণ শিল্পসম্পর্ক বজায় রাখার পথ তৈরি হবে।