৩৪ ঘণ্টা ধরে মর্গে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি পরিবারের কেউ
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার জেরে গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৪ ঘণ্টা ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত তার পরিবারের কোনো সদস্য বা স্বজন মরদেহ নিতে আসেননি। স্বজনেরা মরদেহ নিতে না এলে আইনি প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে বলে জানিয়েছে।
গত রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সুরুজ জামানকে (৩৫) মেয়ের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পর ওই রাতেই মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়িতে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হন মেহেদী হাসান। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
ঘটনার পর সোমবার ভোরে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন মর্গে আসেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পুলিশ তাদের থানায় গিয়ে যোগাযোগ করতে বললেও পরে তারা আর যোগাযোগ করেননি। এমনকি তারা নিজেদের নাম-পরিচয় বা মুঠোফোন নম্বরও দিয়ে যাননি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন না করায় মরদেহটি এখনো হস্তান্তর করা সম্ভব হয়নি। পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বজনেরা মরদেহ গ্রহণ না করলে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ নিজেই দাফনের ব্যবস্থা করবে বলেও জানিয়েছে।



















