img

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

প্রকাশিত :  ০৯:২৬, ০৩ নভেম্বর ২০২৬

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েকজন এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করেন। তারা ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র নিয়ে রাস্তায় ফেলে দিয়েছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

ওই পুলিশ সদস্যের নাম মো. সাইমন। তিনি পল্লবী থানা থেকে সংঘর্ষস্থলে যাচ্ছিলেন।

হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন। এ সময় কয়েকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। ওই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। দলছুট অবস্থায় পেয়ে পল্লবী থানার কনস্টেবল সায়মনের ওপর হামলা চালানো হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, এছাড়া মিরপুর-১১ নম্বরে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এদিন সকাল থেকে পল্লবী শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়।

পরে শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের কারণে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন।

বাংলাদেশ এর আরও খবর

img

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় লালবাগ সার্কেলের সার্ভেয়ার আটক

প্রকাশিত :  ০৯:২০, ০৩ নভেম্বর ২০২৬

দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণ না করা এবং পরবর্তী সময় জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ অভিযানে ঢাকা জেলার লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করা হয়েছে। তার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, সৈনিক মো. মনিরুল ইসলাম (অব.) ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ প্রস্তুতের জন্য তিনি গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।

পরবর্তীতে ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেল, ঢাকায় একাধিকবার যোগাযোগ করেও তিনি জমির সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করাতে পারেননি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

পরবর্তীতে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম অভিযোগকারীর জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ (আশি) লাখ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করার লক্ষ্যে ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এর একটি বিশেষ দল আজ পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ১ (এক) লাখ টাকা ঘুষ গ্রহণকালে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।