img

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ কোথায়, ঢাকাকে এখনো জানায়নি রিয়াদ

প্রকাশিত :  ১৮:০৪, ০১ নভেম্বর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ কোথায়, ঢাকাকে এখনো জানায়নি রিয়াদ

সৌদি আরবে গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি—নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মরদেহ বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনও কিছুই জানতে পারেনি তাদের পরিবার। মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও বিস্তারিত জানতে চেয়ে বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক নোটের বিপরীতে রিয়াদ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি বলে আজ রোববার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানায়, দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ পূর্বে তাদের কোনো তথ্য দেয়নি। সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেখেই কেবল কনস্যুলেট বিষয়টি জানতে পারে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত বিবরণ, আদালতের রায়, আইনি সহায়তা এবং মরদেহের পরিণতি সম্পর্কে জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ।

অন্যদিকে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৩৭ অনুযায়ী, কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হলে বিলম্ব না করে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটকে অবহিত করার নিয়ম রয়েছে। নজরুলের পরিবার ও সুইটির বাবার আকুল আবেদন, তাদের সন্তানের মরদেহ বা দেহাবশেষ যেন অন্তত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে ২০২৩ সালের আগস্ট থেকে আটক থাকা ওই দুই নাগরিক মৃত্যুদণ্ডাদেশের মুখে ছিলেন—এ কথা তাদের পরিবার বা বাংলাদেশ মিশন পূর্বাহ্নে জানত না বলে যে তথ্য এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। এ ঘটনায় বাংলাদেশ মিশনের ভূমিকা খতিয়ে দেখার দাবি ওঠার পাশাপাশি গত ২৮ অক্টোবর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে, যেখানে আটক, বিচার ও কনস্যুলার সহায়তার বিবরণ সংক্রান্ত সব নথিপত্র প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।

img

অফিসে ঢুকে ‘এখনো ব্যবসা বন্ধ করিস নাই কেন’—বলেই এলোপাতাড়ি গুলি

প্রকাশিত :  ১৮:১৩, ১৫ নভেম্বর ২০২৬

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি নামের ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই সপ্তাহ আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক।

প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ঘটনার সময় হাবিবুর ও সাজুসহ কয়েকজন কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় চারজন দুর্বৃত্ত সেখানে আসে। তাদের মধ্যে তিনজন অফিসের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। অপরজন বাইরে অবস্থান করছিল। এতে প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হন। হামলার এক থেকে দুই মিনিটের মধ্যে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। 

তিনি আরও জানান, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ও তাদের সহযোগীরা ফোন করে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে দাবিকৃত টাকা দেওয়া হয়নি। এর জের ধরে এ হামলা হয়েছে বলে তার ধারণা। 

আহত সাজু আহমেদ জানান, দুর্বৃত্তদের মধ্যে তিনজন অফিসে ঢুকে তাদের উদ্দেশে বলতে থাকে, ‘তোদের এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেন?’ এ কথা বলেই তারা গুলি ছুড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে সাজুর ডান পায়ে এবং হাবিবুরের বাম হাতে গুলি লেগেছে। তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি রামপুরা থানাকে অবহিত করা হয়েছে। 

তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও গ্রেফতারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ এর আরও খবর