img

৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে

প্রকাশিত :  ১৩:২৯, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৩৪, ০১ নভেম্বর ২০২৬

৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে টানা তিন দিন বন্ধ থাকছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনাল। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। ফলে দেশে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

ফলে এ সময়ে সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে।

ফলে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গত বছরের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

img

অফিসে ঢুকে ‘এখনো ব্যবসা বন্ধ করিস নাই কেন’—বলেই এলোপাতাড়ি গুলি

প্রকাশিত :  ১৮:১৩, ১৫ নভেম্বর ২০২৬

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি নামের ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই সপ্তাহ আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক।

প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ঘটনার সময় হাবিবুর ও সাজুসহ কয়েকজন কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় চারজন দুর্বৃত্ত সেখানে আসে। তাদের মধ্যে তিনজন অফিসের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। অপরজন বাইরে অবস্থান করছিল। এতে প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হন। হামলার এক থেকে দুই মিনিটের মধ্যে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। 

তিনি আরও জানান, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ও তাদের সহযোগীরা ফোন করে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে দাবিকৃত টাকা দেওয়া হয়নি। এর জের ধরে এ হামলা হয়েছে বলে তার ধারণা। 

আহত সাজু আহমেদ জানান, দুর্বৃত্তদের মধ্যে তিনজন অফিসে ঢুকে তাদের উদ্দেশে বলতে থাকে, ‘তোদের এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেন?’ এ কথা বলেই তারা গুলি ছুড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে সাজুর ডান পায়ে এবং হাবিবুরের বাম হাতে গুলি লেগেছে। তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি রামপুরা থানাকে অবহিত করা হয়েছে। 

তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও গ্রেফতারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ এর আরও খবর