চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, গ্রেপ্তার চালক-হেলপার
রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের হেলপার ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটিও।
আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন ওই বাসের ড্রাইভার মো. আজির হোসাইন (৩৬) ও হেলপার মো. শফিক বুজুর আলী (৩০)। আজির সুজালপুর গ্রামের মৃত আ. গফুরের ছেলে এবং শফিক বীরগঞ্জের দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত জয়নালের ছেলে।
এ ঘটনায় নিহতেরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের দূরপাল্লার একটি নৈশকোচে ভাড়া পরিশোধ নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ওই দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে দুজনেই ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আতিকুল ইসলাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাণী ইসরাইল কালবেলাকে বলেন, দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।



















