img

যে হাসপাতালে জন্ম, সেখানেই সহযোগী অধ্যাপক শাওলী

প্রকাশিত :  ০৮:১৮, ১৫ নভেম্বর ২০২৬

যে হাসপাতালে জন্ম, সেখানেই সহযোগী অধ্যাপক শাওলী

অপরিণত শিশু হিসেবে জন্মের পর যে হাসপাতালে ভর্তি হয়ে জীবন বাঁচানোর লড়াই শুরু হয়েছিল, জীবনের দীর্ঘ পথ পেরিয়ে সেই হাসপাতালেই আজ সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন চিকিৎসক শাওলী সরকার। নিজের জীবনের এই ব্যতিক্রমী ও আবেগঘন গল্প বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।

আজ রোববার (১৫ নভেম্বর) বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাওলী সরকার।

পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘আমারে তুমি অশেষ করেছ।’ এরপর নিজের জীবনের সঙ্গে বাংলাদেশ শিশু হাসপাতালের গভীর সম্পর্কের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘কতটা সৌভাগ্য অথবা সৃষ্টিকর্তার কি বিচিত্র খেলা- যে হাসপাতালে জন্মমাত্র অপরিপক্ক শিশু হিসাবে ভর্তি হয়েছিলাম, সেই হাসপাতালেই আজ সহযোগী অধ্যাপক।’

নিজের কর্মস্থল ও প্রতিষ্ঠান নিয়ে গর্ব প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি গর্বভরে আমার ইন্সটিটিউটকে ধারণ করি।’

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাওলী সরকার লেখেন, ‘ধন্যবাদ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাকে বাঁচানোর জন্য এবং অন্য শিশুদের বাঁচানোর সুযোগ করে দেওয়ার জন্য।’

উল্লেখ্য, প্রতিবছর ১৫ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস। এ বছরের প্রতিপাদ্য- ‘Small babies, big potential. Invest in follow-up care to protect their future!’ এর ভাবার্থ, ‘ছোট্ট শিশু, অপার সম্ভাবনা। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় ফলোআপ সেবায় বিনিয়োগ করুন।’

img

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

প্রকাশিত :  ১২:৪৬, ১৫ নভেম্বর ২০২৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৫২ জন। চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৬২ হাজার ৫০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৫৬ হাজার ১৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৮১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

বাংলাদেশ এর আরও খবর