কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগমকে (৪৮) হত্যার ঘটনায় কবিরাজ মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়াছির আরাফাত এই রায় দেন।
মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর (ভারপ্রাপ্ত) পিপি অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেন কুমিল্লা দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। রায় ঘোষণার পর আসামিকে নিয়ে যাওয়ার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থীরা তাকে মারধর ও ধাওয়া করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার ভাড়া বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে নিহত তাহমিনা বেগম সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী। তার মেয়ে সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার সময় তারা বাসায় একা ছিলেন।
৭ সেপ্টেম্বর রাতে তাহমিনা বেগমের দুই ছেলে বাসায় ফিরে হত্যার বিষয়টি টের পান। পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তাহমিনা বেগমের বড় ছেলে মো. তাজুল ইসলাম। সেদিনই পুলিশ কবিরাজ মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তার করে। আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালেব মজুমদার বলেন, চার্জসিট প্রদানের পর তিন মাসের মধ্যে এর বিচারকার্য শেষ হয়েছে।
এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ ছাড়া দণ্ডিত আসামি ও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। আসামিপক্ষের কোনো আইনজীবী না থাকায় মামলার বিচারকার্য যেন প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য আদালত একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছে। সে আইনজীবী ও সাক্ষীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন। আসামীর স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজকে এই রায় দেন।
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল - ১ এর (ভারপ্রাপ্ত) পিপি এডভোকেট আব্দুল মোতালেব মজুমদার বলেন, হত্যার আগে কথিত কবিরাজ মোবারক হোসেন কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণ করে এবং তার দেখে ফেলায় তার মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে সুমাইয়াকেও হত্যা করে পালিয়ে যায়।
মামলার বাদী ও তাহমিনা বেগমের বড় ছেলে মো. তাজুল ইসলাম বলেন, আমরা এই মামলার রায়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট প্রকাশ করছি। এ মামলার একমাত্র আসামি মোবারক হোসেন আমার মা এবং বোনকে হত্যার দায় স্বীকার করেছেন। মামলা যদি উচ্চ আদালতে গেলেও সেখানেও যেন আমরা ন্যায়বিচার পায় সেই প্রত্যাশা করছি।



















